হালুয়াঘাটে বিএনপির মতবিনিময় সভা: প্রতিপক্ষের নোংরা রাজনীতির সমালোচনা এমরান সালেহ প্রিন্সের
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির এক গুরুত্বপূর্ণ যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স রাজনৈতিক প্রতিপক্ষের উস্কানিমূলক ও অশালীন বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণ ও মিথ্যাচার দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ।
বুধবার সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলার হোটেল ইমেক্স মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হালূয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনীতিতে সমালোচনা ও মতপার্থক্য থাকবেই, তবে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ মন্তব্য সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। তিনি অভিযোগ করেন, বিরোধী জোটের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে রাজনৈতিক সংঘাত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আজ দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তাই কোনো অপপ্রচার বা বিভ্রান্তি ছড়িয়ে জনগণের এই বিশ্বাসকে নষ্ট করা যাবে না। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি শালীনতা বজায় রেখে যুক্তি ও তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সম্প্রতি হালুয়াঘাটে এনসিপির এক সমাবেশে বিএনপি নেতা তারেক রহমান ও এমরান সালেহ প্রিন্সকে নিয়ে করা অশালীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আব্দুল হাই, আলী আশরাফ, এবং যুবদল, ছাত্রদল ও মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দ।
১৩৩ বার পড়া হয়েছে