ফরিদপুরে পাট ধুতে গিয়ে পুকুরে পড়ে যুবকের করুণ মৃত্যু
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাট ধোয়ার সময় পুকুরে পড়ে আলামিন শেখ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গুনবহা ইউনিয়নের রেনিনগর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মৃগী রোগে আক্রান্ত ওই যুবক কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে যান।
নিহত আলামিন শেখ রেনিনগর গ্রামের বাসিন্দা মো. শামসুল শেখের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আলামিন সকালে বাড়ির পাশের একটি জলাশয়ে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন। একপর্যায়ে মাথা থেকে পাটের বোঝা পাড়ে নামানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে অচেতন হয়ে পড়েন।
ঘটনার পরপরই আশপাশের লোকজন পুকুর থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর তথ্যমতে, আলামিন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর হঠাৎ রোগটি তীব্র হওয়ায় তিনি নিজেকে সামলাতে পারেননি। বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছেন এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
১০৭ বার পড়া হয়েছে