মিঠামইনে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল ১০টার দিকে রিফাত ও সাফা বাড়ির পাশের একটি পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে ছোট বোন সাফা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে নেমে তলিয়ে যায়।
পরে আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, ঘাগড়া এলাকা থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে