ধামরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে দ্রুতগতির একটি দশ চাকার ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৪) ও একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক (১৫)। মহিম সাভারের ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ছিল। আহত আতাউল্লাহ (১৭) একই ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মাটিবাহী একটি ড্রাম ট্রাক ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের কালিয়াকৈরমুখী লেনে যাচ্ছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করে। একই সময়ে অটোরিকশার পেছনে থাকা তিন আরোহীর মোটরসাইকেলটিও ট্রাকটিকে পাশ কাটানোর চেষ্টা করলে সেটি ট্রাকের সামনে চলে আসে।
এ সময় দ্রুতগতির ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি একজনকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। পথে মহিম ও অনিকের মধ্যে একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যায়। গুরুতর আহত আতাউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে