চট্টগ্রাম-ফেনীতে র্যাবের অভিযানে মাদক, সিগারেট ও অস্ত্র উদ্ধার
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম, ফেনী ও বাঁশখালীর বিভিন্ন স্থানে পৃথক ছয়টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, চোরাই বিদেশি সিগারেট ও অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭। এসব ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ টাকা।
চট্টগ্রাম, ফেনী ও বাঁশখালীতে দুই দিনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ বিদেশি সিগারেট এবং অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭। গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, অভিযানে মোট ৮২ দশমিক ৫ কেজি গাঁজা, ৯ হাজার ৮১০টি ইয়াবা, ৯৯ বোতল ফেনসিডিল, ৪৮ বোতল এস্কাফ সিরাপ, পাঁচটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭-এর তথ্য অনুযায়ী, ফেনীর ছাগলনাইয়া এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪ দশমিক ৫ কেজি গাঁজা, ফেনসিডিল ও এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই জেলার সদর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক নারীর কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় একটি ডেলিভারি ভ্যানে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় গাড়ির চালক পালিয়ে যায়।
বাঁশখালী এলাকায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৯ হাজার ৮১০টি ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করেছে র্যাব।
অন্যদিকে বাঁশখালীর উত্তর চাম্বল এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের চোরাই বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে