ডা. মুরাদকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন জামালপুরের একটি আদালত। বুধবার (২৯ জুলাই) সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। সমন জারির পরও আসামিরা পলাতক থাকায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের টক-শোতে জিয়া পরিবার নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। ওই টক-শোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে একটি মানহানি মামলা দায়ের করেন। মামলায় ডা. মুরাদ ছাড়াও টক-শোর সঞ্চালক মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়। আসামিদের এমন মন্তব্যে তারেক রহমান ও জাইমা রহমানের ১০ হাজার কোটি টাকার বেশি মানহানি হয়েছে বলে আরজিতে দাবি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, গত বছরের ২৪ মে সরিষাবাড়ী আমলী আদালতের তৎকালীন বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও আসামিরা আদালতে হাজির হননি।
আদালত সূত্রে জানা গেছে, সমন জারির পরও আসামিরা পলাতক থাকায় পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। এরপরও আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক মামলার প্রক্রিয়া এগিয়ে নিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এই আদেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তাঁদের অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
১২৫ বার পড়া হয়েছে