পটুয়াখালীতে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, জামায়াত নেতার নামে মামলা
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে একাধিকবার ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে। আদালতের নির্দেশের পর থেকেই অভিযুক্ত ওই জামায়াত নেতা পলাতক রয়েছেন।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ২২ জুলাই ভুক্তভোগী নারী এই মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক শিরিন নিলা অভিযোগটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলার পর থেকেই অভিযুক্ত যুব জামায়াত নেতা শহিদুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে ওই নারী তাঁর একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী শহিদুল ইসলাম তাঁকে নানাভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ মার্চ শহরের শেরে বাংলা সড়কের একটি বাসায় নিয়ে তাঁকে প্রথমবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গর্ভধারণের বিষয়টি জানার পর শহিদুল সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন। এতে ভুক্তভোগী রাজি না হলে গত ১৮ মে চিকিৎসার কথা বলে তাঁকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে জোরপূর্বক গর্ভপাতের ওষুধ খাওয়ানোর ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।
ভুক্তভোগী নারীর আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির জানান, বিয়ের প্রলোভনে অসহায় নারীকে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে। আদালত বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আইনি পদক্ষেপের আদেশ দিয়েছেন। এদিকে পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট জহুরুল আহসান জানিয়েছেন, বিষয়টি আদালতের বিষয় এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে দলগতভাবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আদালতের আদেশের কপি এখনো থানায় পৌঁছায়নি। কপি হাতে পাওয়ার সাথে সাথেই আইনগত সমস্ত প্রক্রিয়া শুরু করা হবে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
১১১ বার পড়া হয়েছে