সাতক্ষীরায় উপকূলের পরিবেশ রক্ষায় ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ১০ লাখ বীজ রোপণ কার্যক্রমের জমকালো উদ্বোধন করা হয়েছে। সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় যুব সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই বিশাল কর্মযজ্ঞের সূচনা ঘটে।
মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা ও বীজ রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ শামসুজ্জাহান কণক।
জাতীয় কৃষি পদক বিজয়ী কৃষক অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম। এ সময় বক্তারা উপকূলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট লোনা পানির আগ্রাসন, নদীভাঙন এবং ঘন ঘন জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জাতের গাছের উপযোগিতা তুলে ধরেন।
আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে জাম, কাঁঠাল, নিম, তেঁতুল, তাল ও খেজুরসহ বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় ৭ লাখ বীজ সংগ্রহ করা হয়েছে। কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলার ১২টি ইউনিয়নে ১১ সদস্যের বিশেষ বীজ রোপণ কমিটি গঠন করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে এই কার্যক্রম সফল করতে কাজ করবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে পরিবেশ সুরক্ষায় এই সামাজিক আন্দোলনে শামিল হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
১২২ বার পড়া হয়েছে