ভৈরবে বাজারের নামকরণ নিয়ে ২ গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে একটি স্থানীয় বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর এলাকার বাসিন্দাদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ প্রায় ছয় ঘণ্টা ধরে চলে। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে সোমবার সকাল ৭টার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ওই বাজারের নাম নিজেদের গ্রামের নামে করার দাবি জানিয়ে আসছিল দুই পক্ষ। আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারটির নাম আকবরনগর এবং মিরারচর গ্রামের বাসিন্দারা মিরারচর রাখার দাবি করেন। এ নিয়ে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
সোমবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মিরারচর গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া (৩০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ মিয়া ওই গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সংঘর্ষের কারণে ভৈরব রেলস্টেশনে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব কাজ করছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে