সাংবাদিকতা অর্থ উপার্জনের সহজ পথ নয় : তথ্যমন্ত্রী
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা অর্থ উপার্জনের সহজ পথ নয়; বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পেশা। তিনি দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে আর্থিকভাবে বিত্তশালী হওয়ার সুযোগ সীমিত হলেও জ্ঞান, বিবেক ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের সুযোগ রয়েছে।
তিনি বলেন, রাষ্ট্র, সমাজ ও দেশের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার করতে হবে। বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় পেশাগত সততা, নৈতিকতা এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য কাওসার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন।
এ ছাড়া বরিশালের বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক নেতা, টেলিভিশন চ্যানেল এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভা শেষে বরিশাল জেলা ও বিভাগের অসুস্থ এবং আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কল্যাণ সহায়তার চেক বিতরণ করা হয়।
১০৮ বার পড়া হয়েছে