জনবান্ধব সরকার ও দেশ গড়ার শিক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী আফরোজা খানম
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের সামাজিক, মানবিক ও জনবান্ধব দেশ গড়ার শিক্ষা দিচ্ছেন।
রবিবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বিমানমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশকে ভালোবাসতে শিখিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ সততা ও নিষ্ঠার সঙ্গে পথ চলার শিক্ষা দিয়েছেন। এই আদর্শিক শিক্ষাগুলো আমাদের আগামীর পথচলা ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বড় শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, নিজেকে সুন্দর ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে দেশকেও ভালোবাসতে হবে। দেশ ভালো না থাকলে দেশের মানুষ ভালো থাকতে পারে না। বর্তমান সরকার প্রতিটি শিক্ষার্থীর জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় এলাকার সুশীল সমাজ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আফরোজা খানম বলেন, আপনাদের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের কারণেই প্রধানমন্ত্রী আমাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের প্রতিটি যৌক্তিক দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব।
নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মুহম্মদ মাহফিল খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
১২৮ বার পড়া হয়েছে