মোংলায় ফাদার রিগন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মোংলায় এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম। উপকূলীয় অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মকে সবুজে ঘেরা একটি সুন্দর পৃথিবী উপহার দিতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
মোংলার ঐতিহ্যবাহী হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সকালে কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্তত একটি করে গাছের চারা রোপণ ও সেটির পরিচর্যার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসার অনুরোধ করেন।
ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শামীমা আক্তার লাইজু। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনিসহ অন্যান্যরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষে দিকনির্দেশনামূলক লিফলেট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইতালীয় বংশোদ্ভূত মহান মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী ফাদার মারিনো রিগনের স্মৃতি ও আদর্শকে বাঁচিয়ে রাখতে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে মোংলার উপকূলীয় অঞ্চলে সমাজসেবামূলক কাজ করে আসছে।
১৬৫ বার পড়া হয়েছে