ভাঙ্গায় টাকার বিনিময়ে অবৈধ গর্ভপাতের অভিযোগ
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকার বিনিময়ে অবৈধভাবে গর্ভপাত বা ডিএনসি (ডাইলেশন অ্যান্ড কিউরেটেজ) করার অভিযোগ উঠেছে এক পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে। অভিযুক্ত ওই পরিদর্শিকার নাম জাহানারা বেগম, যার ভুল চিকিৎসায় এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সূত্র থেকে জানা গেছে, গত ১৮ জুলাই ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা ওই ভুক্তভোগী নারী দুই মাসের গর্ভজনিত শারীরিক জটিলতা নিয়ে ভাঙ্গা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শিকা জাহানারা বেগমের দ্বারস্থ হন। সেখানে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই আড়াই হাজার টাকার বিনিময়ে হাসপাতালের একটি কক্ষে ডিএনসি করান ওই পরিদর্শিকা।
তবে অস্ত্রোপচারের তিন দিন পর রোগীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। পুনরায় পরিদর্শিকা জাহানারার সাথে যোগাযোগ করা হলে তিনি আবারও এক হাজার টাকা দাবি করেন এবং ভুক্তভোগী পরিবারকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তির পরামর্শ দেন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে রোগীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রোগীর সংকটাপন্ন অবস্থা দেখে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। বর্তমানে ওই নারী সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিয়ম অনুযায়ী, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকার ডিএনসি করার কোনো আইনি বা চিকিৎসা সংক্রান্ত অধিকার নেই। সরকারি নিয়মে হাসপাতালে এ ধরণের সেবার জন্য টাকা নেওয়ারও কোনো বিধান নেই। এই অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে অভিযুক্ত জাহানারা বেগম টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১৩৪ বার পড়া হয়েছে