রাঙামাটিতে মায়ের কোপে মাদকাসক্ত ছেলে খুন, বাবা-মা আটক
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলের ধারালো দায়ের কোপে মৃত্যুর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত যুবকের বাবা ও মাকে আটক করেছে পুলিশ। মাদকাসক্তি ও পারিবারিক বিরোধের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। তিনি পেশায় অটোরিকশাচালক রফিকুল ইসলাম ও গৃহবধূ রাখাই ইসলামের বড় ছেলে। শনিবার দুপুরে আসামবস্তি এলাকায় জনৈক সিরাজ সওদাগরের ভাড়া বাসায় মাদক সেবন ও পারিবারিক নানা বিষয় নিয়ে সাকিবুলের সঙ্গে পরিবারের সদস্যদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ঝগড়া চরম আকার ধারণ করলে মা রাখাই ইসলাম ধারালো দা দিয়ে সাকিবুলকে কোপান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফুয়াদ হাসান জানান, ঘাড়ে গভীর ক্ষত নিয়ে সাকিবুলকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালীনই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের বাবা রফিকুল ইসলাম ও মা রাখাই ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবুল দীর্ঘদিন ধরে মরণনেশায় আসক্ত ছিলেন। তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে একাধিকবার রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল। সম্প্রতি আড়াই লাখ টাকা খরচ করে চিকিৎসা করানোর পরও বাড়ি ফিরে তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন। মাদক সেবনের টাকা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে পরিবারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত।
১৩৯ বার পড়া হয়েছে