ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে সদস্য দেশগুলোর পাশাপাশি কয়েকটি অ-সদস্য দেশকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হতে পারে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র এসেছে। তিনি বলেন, আমন্ত্রণটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে চিকিৎসাকালীন সময়ে ফোনালাপ হয়েছে—এমন একটি গুঞ্জন নিয়ে সাংবাদিকরা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য বা সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিষয়টি সত্য প্রমাণিত হলে সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় তদন্ত করবে।
মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গেও কথা বলেন শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক কূটনীতি এবং সামগ্রিক দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়গুলোই আলোচনায় গুরুত্ব পাবে বলে তিনি আশা করছেন।
১২২ বার পড়া হয়েছে