পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, আটক ১
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার সাঁথিয়ায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আতাইকুলা থানার পুলিশ জানায়, পাবনার সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের লিবিয়াপ্রবাসী বাদশার স্ত্রী আসমানী আক্তারের সঙ্গে একই এলাকার যুবক আলিফের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সোমবার রাতে কোনো এক সময়ে তাঁদের মধ্যে বিয়ে করা না করা নিয়ে তীব্র তর্কাতর্কি ও কথা-কাটাকাটি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা আসমানী আক্তারের ঘরের ভেতর আলিফের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আলিফ একই গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। রহস্য উদঘাটনে প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে ইতিমধ্যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৩৮ বার পড়া হয়েছে