গোপালগঞ্জে নিখোঁজের দু'দিন পর মিলল শিশুর মরদেহ, আটক ২
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৫:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর রিয়ান মোল্লা (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি পরিত্যক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নিখোঁজ হওয়ার পর তার দুই বন্ধু ঘটনাটি চেপে রাখায় এই মর্মান্তিক মৃত্যু উন্মোচিত হতে সময় লেগেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৯ জুলাই) মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনের সঙ্গে স্থানীয় এক বাগানে ডাব পাড়তে যায়। রিয়ান গাছে ওঠার পর অসাবধানতাবশত পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। সে সময় তার দুই বন্ধু পুকুরে খোঁজাখুঁজি করে রিয়ানের কোনো সন্ধান না পেয়ে বাড়ি ফিরে আসে। তবে ভয়ে তারা বিষয়টি পরিবারের কাউকে জানায়নি।
এদিকে রিয়ান বাড়ি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে রিয়ানের দুই বন্ধু আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসা করা হলে তারা ডাব চুরি এবং রিয়ানের পুকুরে পড়ে নিখোঁজ হওয়ার পুরো ঘটনাটি স্বীকার করে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাতে কমলাপুর গ্রামের জনৈক আওলাদ মোল্লার বাগান সংলগ্ন পরিত্যক্ত পুকুর থেকে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, এই ঘটনায় এলাকাবাসী আরিফ মিয়া ও মুরছালিন শেখ নামের দুই তরুণকে আটক করে থানায় সোপর্দ করেছে। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৪১ বার পড়া হয়েছে