সর্বশেষ

সারাদেশ

৪৪ প্রতিষ্ঠান লিজের প্রতিবাদে জয়পুরহাট চিনিকলে ৩ দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রায়ত্ত ৪৪টি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং দুই দফা দাবি আদায়ে জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে তীব্র আন্দোলন। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আগামী তিন দিনের জন্য টানা কর্মবিরতি ও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার সকালে জয়পুরহাটে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের এক বিশাল সমাবেশ থেকে এই কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন শ্রমিক নেতারা।
ফটক সভা

রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় লিজ দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে ফুঁসে উঠেছেন দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। গতকাল সোমবার সকালে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চিনিকল চত্বরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রশাসনিক কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে এক গেট সমাবেশে রূপ নেয়।

গেট সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি আলী আক্তার। এতে প্রধান বক্তা হিসেবে আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন। এছাড়াও সমাবেশে ইউনিয়নের স্থানীয় শীর্ষ নেতারা আন্দোলনের পক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

আন্দোলনরত শ্রমিকদের প্রধান দুটি দাবির মধ্যে রয়েছে—চিনিকলগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষ জনবল নিয়োগের স্বার্থে গত ১৫ মে জারিকৃত মনগড়া স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করা। সেই সঙ্গে নীতিমালার অজুহাত বাদ দিয়ে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে মৌসুমী শ্রমিকদের স্থায়ী পদে পুনর্বহাল করা। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো মজুরি কমিশনের আওতাধীন সাধারণ শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদানের সরকারি পরিপত্র জারি করার দাবি জানানো হয়।

দাবি আদায়ে ঘোষিত তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে শ্রমিক নেতারা জানান, মঙ্গলবার সকাল ৯টায় বিক্ষোভ সমাবেশ শেষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতি পালন করা হবে। পরদিন বুধবার সকাল ৯টায় বিক্ষোভ মিছিলের পর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি এবং শেষ দিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে মিলের উৎপাদন ও অন্যান্য কাজ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জয়পুরহাট চিনিকল থেকেই ফেডারেশনের কেন্দ্রীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত পরিচালিত হয়। ফলে এই মিলের আন্দোলনের গতিপ্রকৃতির ওপর দেশের অন্য সব রাষ্ট্রায়ত্ত চিনিকলের কর্মসূচিও নির্ভর করছে। অবিলম্বে শ্রমিক স্বার্থ রক্ষাকারী এই দুই দফা দাবি মেনে নেওয়া না হলে দেশজুড়ে আরও কঠোর ও অচল অবস্থার মতো কর্মসূচি দেওয়া হতে পারে বলে সমাবেশে জানানো হয়।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন