হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে শনাক্ত ১১৩
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ ও সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮ জনে।
রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগে এবং একজন সিলেট বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৭৮৮ জনের মৃত্যুর মধ্যে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬৯৩ জন, যাদের ক্ষেত্রে পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়নি।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এখানে মৃতের সংখ্যা ৩০২। এরপর সিলেটে ৯৮, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৬, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৬ হাজার ৫২১ জন।
এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনের। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৪ হাজার ৪৩১ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর বা র্যাশের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।
১৩৫ বার পড়া হয়েছে