পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা, বাগানে মিলল লাশ
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজ হওয়ার একদিন পর একটি বাগান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
নিহত আব্দুল শুকুর প্রামাণিক (শুকুর আলী) সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার রতনপুর এলাকার মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে হঠাৎ নিখোঁজ হন ওই আওয়ামী লীগ নেতা। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। পরদিন শনিবার বিকেলে রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগানে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিহত শুকুর আলী একসময় নিষিদ্ধ ঘোষিত নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে।
১২২ বার পড়া হয়েছে