ত্রিশালে বিসিএস উত্তীর্ণ ২২১ শিক্ষার্থীকে জমকালো সংবর্ধনা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২২১ জন শিক্ষার্থীকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। ত্রিশাল উপজেলা থেকে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এসব মেধাবীদের সম্মাননা জানাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তরুণ কর্মকর্তাদের সততা ও দেশপ্রেমের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে আগামী দিনের উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে দেশের সরকারি কর্মকর্তাদের শতভাগ সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন এমপি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ২০১২ সাল থেকে এদেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে নিজস্ব টিম দিয়ে পরিকল্পনা সাজিয়েছেন। সেই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চলছে। প্রতিটি সরকারি কর্মকর্তাকে নিজ নিজ অবস্থান থেকে এই অগ্রযাত্রায় সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।
তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, যারা সিভিল সার্ভিসে সুযোগ পেয়েছেন, তাদের হাতেই রয়েছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চাবি। নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার উন্নয়নেও ভূমিকা রাখতে হবে। ত্রিশালকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে রূপান্তর করার মহাপরিকল্পনায় এই তরুণদের মেধা ও শ্রম অত্যন্ত গুরুত্ব বহন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডা. মতিউর রহমান। এছাড়াও সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পত্র উপস্থাপন করেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মধ্যে আবু বকর সিদ্দিক, এমদাদুল্লাহ তাফহীম, ফারাহ তাবাসসুম, মো. আবু রায়হান, রিপন মিয়া, ফারহানা জান্নাত, মোস্তাফিজুর রহমান মোরাদ, জাকিয়া সুলতানা, তানভীর হাসান খান অনিক, আবিদ আল আজিজ, মারজান চৌধুরী, হাসানুল কবির শিমুল, তানিয়া খাতুন, তানজুবা হক, হাসিবুল হাসান দুর্জয়, ইফফাত রিজোয়ান, ফয়সাল আহম্মদ ও আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহসহ উত্তীর্ণ কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
১৩০ বার পড়া হয়েছে