ডিলারশিপ পুনঃনবায়নের দাবিতে জামালপুরে টিসিবি ডিলারদের মানববন্ধন
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে টিসিবি ডিলারদের লাইসেন্স পুনঃনবায়ন বন্ধের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ডিলারদের দাবি, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করা হোক।
জামালপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে জেলার সাধারণ টিসিবি ডিলাররা অংশ নেন। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে ডিলাররা তাদের লাইসেন্স বাতিলের আশঙ্কায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন টিসিবি ডিলার শাহরিয়ার হোসেন সবুজ, শহীদুজ্জামান সজীব ও শামীম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ২০২৫-২৬ সালের ডিলারশিপ পুনঃনবায়ন বন্ধ রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা ডিলারদের চরম আর্থিক সংকটের মুখে ফেলবে।
তারা অবিলম্বে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে বর্তমান ডিলারদের ডিলারশিপ নবায়নের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
১১৮ বার পড়া হয়েছে