আজও নির্ধারিত সূচিতে পরীক্ষা, পরে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৪:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেও বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাকি সব বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্তঃশিক্ষা বোর্ডের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বুধবার সকাল ১০টায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়। একই সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।
তবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এ দিনের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বোর্ডের পরীক্ষার নতুন সূচি পরে জানানো হবে।
পরীক্ষা স্থগিতের দাবিতে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের দাবি, বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাঁদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে।
তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ রয়েছে। তাই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘোষণায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার পরীক্ষা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’—এই স্লোগানে আয়োজিত কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
১৫১ বার পড়া হয়েছে