দুর্যোগে পরীক্ষা ও ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে সায়েন্সল্যাব ও উত্তরার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টার এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন তাঁরা। এতে ওই দুই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি চলমান থাকা সত্ত্বেও এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের দাবি, শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা না করে নেওয়া এই সিদ্ধান্ত বাতিল করা উচিত ছিল।
এ ছাড়া পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এই মন্তব্যকে তাঁরা অপমানজনক উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির দাবি জানান।
শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
বিক্ষোভের কারণে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সায়েন্সল্যাব ও উত্তরা ছাড়া অন্য কোনো এলাকায় কর্মসূচি শুরুর খবর পাওয়া যায়নি।
২৫৬ বার পড়া হয়েছে