এইচএসসি পরীক্ষায় দুর্যোগে অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার আশ্বাস
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বৈরী আবহাওয়া বা প্রশাসনিক কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির কারণে সংশ্লিষ্ট প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
জাতীয় সংসদে মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের মতামত এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময় অনুযায়ী এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অযথা উদ্বিগ্ন না হয়ে আবারও পড়াশোনায় মনোযোগ দিতে হবে। সরকার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শুরুর আগে ৬৪ জেলার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখা হয়েছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী আবহাওয়া অনুকূলে থাকবে বলেই পরীক্ষা যথাসময়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি জানার পরপরই কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। একজন পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তাঁর জন্য শুকনো পোশাকের ব্যবস্থা করা হয় এবং অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয় বলে জানান মন্ত্রী।
সংসদে বিরোধী দলের এক সদস্য পদার্থবিজ্ঞান পরীক্ষা এক বা দুই দিন পিছিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন তুললে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কয়েকটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে দেশের অন্য এলাকায় তখন পরিস্থিতি স্বাভাবিক থাকায় পরীক্ষা স্থগিতের প্রয়োজন দেখা যায়নি।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ষষ্ঠ ও সপ্তম প্রশ্নে ভুল শনাক্ত হওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন না।
তিনি আরও বলেন, যেসব এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বা প্রশাসনিক সমস্যার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, সেসব ঘটনা পৃথকভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এমন ব্যবস্থা ইতোমধ্যে রাখা হয়েছে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিকভাবে কাজ করছে। তাই গুজব বা অনিশ্চয়তায় বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থীদের আবারও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
১২৬ বার পড়া হয়েছে