৫০ টাকা নিয়ে ট্রেনের ছাদে চড়ে নিখোঁজ! সিরাজগঞ্জে দুই শিশু উদ্ধারে কাটল রহস্য
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজ হওয়ার দীর্ঘ এক মাস পর দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্রেফ কৌতুহলের বশে বাড়ি থেকে পালিয়ে যাওয়া এই দুই শিশুর উদ্ধার প্রক্রিয়ায় উন্মোচিত হয়েছে এক রোমাঞ্চকর ও চাঞ্চল্যকর রহস্য।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুরা হলো খুকনী উত্তরপাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ (১১) এবং বেলকুচি উপজেলার দৌলতপুর নতুন পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে আফসার আলী (১১)। গত ১১ জুন তারা বাড়ি থেকে মাত্র ৫০ টাকা নিয়ে বের হয়েছিল।
এনায়েতপুর থানা পুলিশ জানায়, কৌতূহলের বশে দুই বন্ধু প্রথমে সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশন থেকে একটি ট্রেনের ছাদে চড়ে বসেন। সেখান থেকে তারা ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় এবং সেখানে তিন দিন কাটায়। পরবর্তীতে তারা হবিগঞ্জের হরেশপুর রেল স্টেশন সংলগ্ন শরীফের রেস্তোরাঁয় প্রায় ৩০ দিন কাজ করে অবস্থান নেয়।
সম্প্রতি দুই বন্ধুর একজন, আফসার আলী, নিজ বাড়িতে ফিরে আসে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এনায়েতপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত তথ্য প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ও এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদ হোসেন জানান, ইতিপূর্বে আব্দুল্লাহর পিতা এনায়েতপুর থানায় দুজনকে আসামি করে একটি নিখোঁজ মামলা দায়ের করেছিলেন। শিশুদের নিরাপদে উদ্ধারের মাধ্যমে মূল সত্যটি উদঘাটিত হলো এবং নিরপরাধ ব্যক্তিরা দায়মুক্ত হলেন।
জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া দুই শিশুই স্বীকার করেছে যে, কোনো অপহরণের ঘটনা ঘটেনি। তারা স্রেফ নিজেদের কৌতূহল মেটাতেই স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছিল।
১১৬ বার পড়া হয়েছে