পঞ্চগড়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরসহ চোরাকারবারি চক্রের ২ হোতা আটক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল মূল্যমানের কষ্টিপাথরসহ চোরাকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি। সোমবার দিবাগত রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধার করা হয় একটি মূল্যবান কষ্টিপাথর ও চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল।
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির একটি বিশেষ টহল দল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আখলাকুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, বর্ষালুপাড়া বিওপির নিয়মিত টহল দলের সহায়তায় সীমান্তের মেইন পিলার ৩৯৬-এর রেফারেন্স পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকা থেকে দুলাল হোসেন ও কলিম উদ্দিন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত কেজি ওজনের একটি প্রাচীন কষ্টিপাথর উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা।
আটককৃতদের তল্লাশি করে কষ্টিপাথরের পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং সিমকার্ডসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ সর্বমোট সিজার মূল্য প্রায় আট লাখ সাতাশ হাজার চারশ টাকা নির্ধারণ করেছে সীমান্তরক্ষী বাহিনী। আটককৃত দুলাল হোসেন আটোয়ারী উপজেলার বাসিন্দা এবং কলিম উদ্দিন ঠাকুরগাঁও রুহিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আখলাকুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সহযোগিতা একান্ত কাম্য। অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিজিবির পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি চোরাচালান বিরোধী মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
১৩৪ বার পড়া হয়েছে