জয়পুরহাটে মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় এমরান হোসেন (২৮) নামে এক আসামিকে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুটি ধারায় ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত এমরান হোসেন জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। মামলায় জামিন পাওয়ার পর থেকে তিনি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই আদালত রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ নভেম্বর পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর মাঠ এলাকায় অভিযান চালায় আটাপাড়া বিজিবি বিওপির সদস্যরা। এ সময় ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৯০টি ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনের অ্যাম্পুলসহ এমরান হোসেনকে আটক করা হয়। উদ্ধার করা মাদক নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন।
এ ঘটনায় আটাপাড়া বিওপির নায়েক সুবেদার মহাতাব উদ্দিন বাদী হয়ে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা এসআই মো. মাসুদ আলম খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আহসান হাবীব চপল।
১১৯ বার পড়া হয়েছে