সোনারগাঁয়ে এনসিপির জুলাই পদযাত্রা, সরকারের সমালোচনায় হাসনাত
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
সোনারগাঁয়ে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তা এখনো পূরণ হয়নি। জনগণ শুধু সরকার বা ব্যক্তির পরিবর্তন নয়, বরং রাষ্ট্র পরিচালনার কাঠামোগত সংস্কার চেয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা ও উদ্যোগ যথেষ্ট ছিল না। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পার্বত্য অঞ্চলের মানুষের সংকটের সময় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে হলে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে। এ সময় সংবিধান সংস্কার নিয়ে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা নানা ধরনের জটিলতার মুখোমুখি হয়েছে। বন্যার মধ্যে পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে তাদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
দেশে চাঁদাবাজি, দুর্নীতি, অবৈধ গ্যাস সংযোগ, ভূমি দখল, রাজস্ব ফাঁকি ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণ আর এসব অনিয়ম মেনে নেবে না। তিনি রাজনৈতিক সংস্কার ও জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তনের দাবি জানান।
পথসভায় স্থানীয় সরকার নির্বাচনে তরুণ নেতৃত্বকে সামনে আনার বিষয়েও গুরুত্ব দেন তিনি। এ সময় এনসিপির পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল সাইফুল্লাহকে সমর্থনের কথা জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ দলটির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।
১২৪ বার পড়া হয়েছে