কুমিল্লা শিক্ষাবোর্ডের সামনে পরীক্ষার্থীদের অবস্থান, তিন দফা দাবি
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার তারা বিক্ষোভ মিছিল শেষে তিন দফা দাবি তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তারা কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক পরীক্ষা আয়োজন নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
অবস্থান কর্মসূচির সময় পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো শোনেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সোমবারের পরীক্ষার দিন অনেকেই কোমরসমান পানি অতিক্রম করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়েছেন। এতে সময়মতো কেন্দ্রে পৌঁছানো, মানসিক প্রস্তুতি এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে জিপিএ গুরুত্বপূর্ণ হওয়ায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নেওয়া পরীক্ষার ফলাফল ভবিষ্যতে তাদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ছাড়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীদের চরম ভোগান্তির ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন ছিল বলেও তারা দাবি করেন।
১১৫ বার পড়া হয়েছে