নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় ভ্যানের ৪ যাত্রী নিহত, আহত ১
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নীলফামারীর ডোমার উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুরের পরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের এক বট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী, তাঁর দুই শিশু সন্তান এবং তাঁদের এক স্বজন রয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত প্রতিভা রানী রায় (৩০) তাঁর দুই সন্তান যাদব রায় (৬) ও বিপাশা রায় (৮)-কে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানে করে ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের মরালডাঙ্গা গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন স্বজন পরিমল রায় (৩৫)।
পথে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের এক বট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রতিভা রানী রায়, তাঁর দুই সন্তান এবং পরিমল রায়কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত সহিদুল ইসলাম (৪০)-কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে গিয়ে আটকে যায়। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২২ বার পড়া হয়েছে