রাঙ্গামাটিতে কমেনি বন্যার পানি, পানিবন্দি ২০ সহস্রাধিক মানুষ
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙ্গামাটিতে টানা ভারী বর্ষণ কমলেও এখনো স্বাভাবিক হয়নি বন্যা পরিস্থিতি। জেলার বাঘাইছড়িসহ একাধিক উপজেলায় এখনো ২০ হাজারের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করছেন। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্লাবিত এলাকায় ব্যাহত হচ্ছে জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম।
পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এ উপজেলার অন্তত ৩০টি গ্রাম বর্তমানে জলমগ্ন রয়েছে, যেখানে প্রায় ৫ হাজার পরিবারের মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এছাড়া রাঙামাটি-দীঘিনালা সড়কের প্রায় তিন কিলোমিটার অংশ পাহাড় ধসে ধসে পড়ায় ঢাকা ও চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে।
বাঘাইছড়ি ছাড়াও লংগদু, বিলাইছড়ি, নানিয়ারচর, বরকল ও জুরাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। এসব দুর্গত এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে।
পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ৪০টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ৪ হাজার দুর্গত মানুষ ঠাঁই নিয়েছেন। আশ্রয় নেওয়া অনেকে অভিযোগ করেছেন, প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার ও রান্না করা খাবার দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। অন্যদিকে নিজ বাড়িঘরে আটকে পড়া মানুষজন এখনো সরকারি কোনো ত্রাণ পাননি বলে দাবি করেছেন।
১৩৬ বার পড়া হয়েছে