সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত: কলাপাড়ায় টানা বৃষ্টিতে চরম জলাবদ্ধতা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিপাত চলছে। বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকায় পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
খেপুপাড়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলাপাড়া অঞ্চলে ৬৮.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এক সপ্তাহের এই লাগাতার বর্ষণে উপকূলীয় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলোর বহু পরিবার বর্তমানে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
টানা বৃষ্টির ফলে গ্রামীণ রাস্তাঘাটসহ কলাপাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু স্থানগুলো পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতার। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, যাদের দৈনন্দিন উপার্জন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। তাই সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত মেনে চলার নির্দেশ দেওয়ার পাশাপাশি সব মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানিয়েছেন, সাগরের বৈরী পরিস্থিতির কারণে শত শত মাছধরা ট্রলার ইতিমধ্যেই মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের শিববাড়িয়া নদী সংলগ্ন নিরাপদ পোতাশ্রয়ে আশ্রয় নিয়েছে।
১৩২ বার পড়া হয়েছে