নেত্রকোনার পূর্বধলায় হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ দালাল আটক
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা অভিযান চালিয়ে আটজন দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরের এই অভিযানে আটককৃত তিন পুরুষ দালালকে আর্থিক জরিমানা এবং পাঁচ নারী দালের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।
নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি বন্ধে বিশেষ তৎপরতা শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে হাসপাতাল এলাকায় এক ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী। অভিযান চলাকালে হাতেনাতে আটজন দালালকে আটক করা হয়, যাদের মধ্যে তিনজন পুরুষ এবং পাঁচজন নারী ছিলেন।
আটককৃত তিন পুরুষ সদস্যের প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, আটককৃত পাঁচ নারী দালাল ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষা এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার এবং পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি চৌকস দল।
১১৭ বার পড়া হয়েছে