সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৫:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে।
রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।
সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
১২৭ বার পড়া হয়েছে