ময়মনসিংহে হচ্ছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও বিকেএসপি, স্থান পরিদর্শন
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি প্রতিষ্ঠার কাজ জোরদার হচ্ছে। সম্প্রতি নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন বাদেকল্পা ও উজান বাড়েরা এলাকায় সম্ভাব্য স্থান দুটি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই ক্রীড়া প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বৃহত্তর ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।
ময়মনসিংহ-০৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাদেকল্পা ও উজান বাড়েরা এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা প্রস্তাবিত জায়গার যাতায়াত ব্যবস্থা, জমির মালিকানা এবং উন্নয়ন সম্ভাব্যতা খতিয়ে দেখেন। সরকারের সাশ্রয়ী নীতি মেনে কীভাবে দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শনকালে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার জানান, বাইপাস সড়কের ক্যান্টনমেন্ট গেট সংলগ্ন এলাকাটিকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধাসম্পন্ন এই ক্রীড়া কমপ্লেক্স তৈরিতে ব্যয় সংকোচন নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন জানান, শুধু খেলার মাঠই নয়, এই প্রকল্পকে কেন্দ্র করে ওই এলাকায় আধুনিক পার্ক এবং একটি নিরাময় কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি অবহেলিত এই জনপদের অর্থনৈতিক চেহারা বদলে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিমুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুবুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, বিকেএসপির শাখা চালু হলে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে।
১১৭ বার পড়া হয়েছে