চৌহালীতে নদীভাঙন এলাকা পরিদর্শন, ১৮১ পরিবারের মাঝে ত্রাণ ও ঢেউটিন বিতরণ এমপি আলীমের
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর সলিমাবাদ এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৮১টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও ঢেউটিন বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
শুক্রবার সকালে দুর্গম চর সলিমাবাদ এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরে তিনি ক্ষতিগ্রস্ত ১৮১টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও ঢেউটিন বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলীসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এ সময় এমপি আমিরুল ইসলাম খান আলীম বলেন, জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তারা কাজ করছেন। তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভবিষ্যতে চৌহালী উপজেলাকে নদীভাঙন থেকে রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
১০৫ বার পড়া হয়েছে