রোয়াংছড়ি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটিকে বরণ, বিদায়ীকে সংবর্ধনা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৫:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত পরিচালনা কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ এবং বিদায়ী সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন ও মানোন্নয়নে নতুন কমিটির ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বান্দরবানের রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটিকে বরণ এবং বিদায়ী সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী পরিচালনা কমিটির সভাপতিকে তাঁর দায়িত্বকালীন অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানানো হয়। একই অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যসচিবকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী সভাপতির শিক্ষা উন্নয়নে অবদান তুলে ধরে তাঁকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা ফুল দিয়ে নতুন সভাপতি ও সদস্যসচিবকে বরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন পরিচালনা কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তাঁরা।
১১৯ বার পড়া হয়েছে