হালুয়াঘাটে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের বর্ণাঢ্য উদ্বোধন
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় পর্যায়ে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। উদ্বোধনী আসরে বক্তারা জাতীয় কবির সাম্য ও মানবতার দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ। এছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২০২৭ সালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। সেই ঐতিহাসিক ঘোষণার অংশ হিসেবেই দেশব্যাপী নানামুখী কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাটে এই আয়োজন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, কবি নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি আমাদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবিক সম্প্রীতির চিরন্তন প্রতীক। তরুণ প্রজন্মকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি নিজস্ব ভাষা, সাহিত্য এবং সংস্কৃতিকে ধারণ করার আহ্বান জানান তিনি। সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখলে কোনো জাতি পথ হারায় না বলে তিনি মন্তব্য করেন।
তিন দিনব্যাপী এই উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে নজরুল সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, মনস্তাত্ত্বিক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে নানাবিধ প্রতিযোগিতা। কবির রেখে যাওয়া প্রেম ও দ্রোহের বাণী বিশ্বদরবারে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
১১৪ বার পড়া হয়েছে