নরসিংদীর মাধবদীতে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
বুধবার, ১ জুলাই, ২০২৬ ১১:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর মাধবদী উপজেলায় এক বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত সোমবার (২৯ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের বাক-প্রতিবন্ধী এক তরুণীকে ফুসলিয়ে নিজের বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে দাবি করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী তরুণী বিষয়টি তার মাকে জানান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গলবার (৩০ জুন) রাতে পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর সহযোগিতায় থানায় লিখিত অভিযোগ করা হয়।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই তারা তদন্ত শুরু করে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ ও চিকিৎসা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়। বুধবার (১ জুলাই) দুপুরে শেখেরচর এলাকা থেকে অভিযুক্ত আওলাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে