বান্দরবান সরকারি কলেজে শিক্ষকসংকট, দ্রুত নিয়োগ চেয়ে শিক্ষামন্ত্রীকে পত্র
বুধবার, ১ জুলাই, ২০২৬ ১০:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিন ধরে শিক্ষকসংকটে থাকা বান্দরবান সরকারি কলেজের শূন্য পদগুলো দ্রুত পূরণের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের কাছে একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। কলেজটিতে অনুমোদিত ৪১টি শিক্ষকের পদের মধ্যে বর্তমানে ২৭টি পদ শূন্য থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বান্দরবান সরকারি কলেজের দীর্ঘদিনের শিক্ষকসংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের কাছে একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বুধবার (১ জুলাই) পাঠানো ওই পত্রে কলেজটির শূন্য শিক্ষক পদগুলো দ্রুত পূরণের সুপারিশ করা হয়েছে। প্রতিমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা কলেজটির দীর্ঘদিনের শিক্ষকসংকটের বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিক্ষামন্ত্রীর কাছে ডিও পত্র পাঠানো হয়।
কলেজ প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানে অনুমোদিত ৪১টি শিক্ষক পদের মধ্যে বর্তমানে ২৭টি পদ শূন্য রয়েছে। অথচ অনার্স ও মাস্টার্স পর্যায়ে প্রায় সাড়ে নয় হাজার শিক্ষার্থী সেখানে অধ্যয়ন করছেন। পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান, একাডেমিক কার্যক্রম ও শিক্ষার মান বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
ডিও পত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় বান্দরবান সরকারি কলেজে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শূন্য শিক্ষক পদগুলো দ্রুত পূরণ করা জরুরি।
কলেজ সূত্র জানিয়েছে, বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনাসহ মোট ১৪টি বিষয়ে প্রভাষক, সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক পর্যায়ের ২৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এদিকে শিক্ষকসংকট দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হলে কলেজের পাঠদান কার্যক্রমে গতি ফিরবে এবং শিক্ষার সামগ্রিক পরিবেশের উন্নতি হবে বলে আশা করছেন কলেজসংশ্লিষ্টরা।
১৭৩ বার পড়া হয়েছে