সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন
বুধবার, ১ জুলাই, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উল্লাপাড়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) নুরুল হুদার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন একদল গ্রাহক। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা দেন।
বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় গ্রাহক ও বিদ্যুৎ–সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক সোল্লাইমান, মোছাম্মদ ফুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মোহাম্মদ মইন উদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন ও মনসুরসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম নুরুল হুদার নেতৃত্বে কার্যালয়ের কার্যক্রমে অনিয়ম চলছে। তাঁদের দাবি, সেবা নিতে গিয়ে গ্রাহকদের নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি সরকারি বিধি অনুসরণ না করে গাছ কেটে বিক্রির অভিযোগও তোলা হয়।
এ ছাড়া বক্তারা জিএমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং নারী–সংক্রান্ত অসদাচরণের অভিযোগও উত্থাপন করেন। তবে এসব অভিযোগের পক্ষে তাঁরা মানববন্ধনে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এতে তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট জিএমকে অপসারণের দাবি জানান।
অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত জিএম নুরুল হুদার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।
১১৭ বার পড়া হয়েছে