কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু, গুজব ছড়ালে শাস্তি: শিক্ষামন্ত্রী
বুধবার, ১ জুলাই, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ এবং খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস বা এ–সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নপত্রের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবার এমন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ অত্যন্ত সীমিত থাকে। তবে ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন বা বিতরণ চালু হলেও শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। বিশ্বের উন্নত দেশগুলোতেও সাইবার নিরাপত্তা–সংক্রান্ত ঝুঁকি থেকে যায় বলে উল্লেখ করেন তিনি।
পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো সংসদ সদস্য (এমপি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে যেন পরীক্ষার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না করেন। গত এসএসসি পরীক্ষার সময় বিচ্ছিন্নভাবে এমন কয়েকটি ঘটনা ঘটেছিল। এবার সংশ্লিষ্ট সবাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নতুন কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকরা যেন নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন না করেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষকের সংখ্যা বৃদ্ধি, একজন পরীক্ষকের কাছে কমসংখ্যক খাতা প্রদান এবং দ্বৈবচয়ন (র্যান্ডম) পদ্ধতিতে খাতা পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হবে।
এদিকে বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষার জন্য সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় অংশ নিচ্ছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২১ বার পড়া হয়েছে