চাঁদপুরে লাইসেন্স ছাড়া গবাদিপশুর ভিটামিন প্রস্তুত, প্রতিষ্ঠানকে জরিমানা
বুধবার, ১ জুলাই, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া গবাদিপশুর ভিটামিন প্রস্তুতের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার জেলার মহামায়া বাজার ও কুমারডুগী মাজার গেট এলাকায় পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় বুধবার (১ জুলাই) দুপুরে জেলার মহামায়া বাজার ও কুমারডুগী মাজার গেট এলাকায় নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া গবাদিপশুর ভিটামিন প্রস্তুতের দায়ে ‘এ পি এগ্রোভেট’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। পাশাপাশি ভবিষ্যতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া এ ধরনের উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে না বলে অঙ্গীকার করে।
এ সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
অভিযানে প্রাণিসম্পদ জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১১৪ বার পড়া হয়েছে