চাঁদপুরে যৌথ অভিযানে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
বুধবার, ১ জুলাই, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুর শহরের পুরানবাজারে উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগ।
বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
অভিযান চলাকালে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল এবং ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তিনি গোডাউনের দায়িত্বে থাকা একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, জব্দ করা নিষিদ্ধ জাল চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনে নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তা ও কোস্ট গার্ডের টহল দলের সদস্যরা অংশ নেন।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নদীর মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
১১৬ বার পড়া হয়েছে