পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও পৃথক পুলিশ বিভাগ গঠনের পরিকল্পনা
বুধবার, ১ জুলাই, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির অধীনে এনে পৃথক পুলিশ বিভাগ গঠনের উদ্যোগের কথাও জানান তিনি।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, দ্রুত বিকাশমান পূর্বাচল নতুন শহর প্রকল্পে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।
তিনি জানান, এ প্রকল্পের জন্য পুলিশের অনুকূলে মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আইজিপি আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪টি জনবল সৃষ্টিরও উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে