পদত্যাগের এক মাস পরও রাঙামাটিতে ফিরেই সংবর্ধিত সাবেক মন্ত্রী
বুধবার, ১ জুলাই, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পদত্যাগের প্রায় এক মাস পর নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে ফিরে সংবর্ধনা পেয়েছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। বুধবার দুপুরে তিনি নিজ এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা মিছিল, স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।
জানা গেছে, জেলার প্রবেশদ্বার বেতবুনিয়া থেকে গাড়িবহরসহ দীপেন দেওয়ানকে বরণ করে নেয় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে তিনি কাঠালতলী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে যান। সেখানে আবেগঘন পরিবেশে দলীয় নেতা-কর্মীরা তাকে সংবর্ধনা দেন।
দলীয় কার্যালয়ের সামনে বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় তিনি তৃণমূল নেতা-কর্মীদের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, মন্ত্রী পদ থেকে পদত্যাগে হতাশ না হয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ চালিয়ে যেতে হবে। তিনি আরও দাবি করেন, তিনি এখনও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জনগণের সমস্যার সমাধানে চেষ্টা চালিয়ে যাবেন।
এ সময় তিনি বিএনপিকে ঘিরে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। পদত্যাগের পর তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং জাতীয় সংসদের বাজেট অধিবেশনেও অংশ নেন। তার পদত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে তার পদে পুনর্বহালের দাবিতে তার কর্মী-সমর্থকসহ বিভিন্ন মহলে আন্দোলনও দেখা যায়।
১২১ বার পড়া হয়েছে