কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
বুধবার, ১ জুলাই, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামীম হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার আত্মসমর্পণের পর শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আলোচিত পীর আব্দুর রহমান শামীম হত্যা মামলায় প্রধান আসামিসহ দুই এজাহারভুক্ত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার পর শুনানি শেষে বিচারক এনায়েতুল কবির তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন আবেদনকারী দুজন হলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদ এবং দৌলতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আসাদুজ্জামান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই আসামি এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দৌলতপুর উপজেলার একটি দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এ সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা পীর আব্দুর রহমান শামীমকে তাঁর কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ চারজনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে দুই দিনের এবং বিপ্লব হোসেন ও আলিফ ইসলামকে এক দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ওসি খালেদুর রহমান বলেন, মামলার বাকি অভিযুক্তদেরও দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
১৪২ বার পড়া হয়েছে