মুন্সীগঞ্জ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সোমবার, ২৯ জুন, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) জমকালো আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. বায়েজীদ বোস্তামীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবন গড়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষাকে সামনে রেখে আত্মবিশ্বাস, একাগ্রতা ও অধ্যবসায়ের সঙ্গে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
জেলা প্রশাসক আরও বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও নৈতিকতার ওপর ভর করেই গড়ে উঠবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। এ লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিদায় অনুষ্ঠানে অন্যান্য বক্তারা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, জীবনে ভালো ফল ও প্রতিষ্ঠা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও নৈতিকতার বিকল্প নেই। পরীক্ষা কেন্দ্রে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেওয়ার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
১৪০ বার পড়া হয়েছে