কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার মাদক উদ্ধার
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালিত এ অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের মদ, ফেনসিডিল ও অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
সীমান্ত দিয়ে অবৈধ মাদক পাচার ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর এবং মেহেরপুরের কাজিপুর বিওপির সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের বিবরণ দিয়ে বিজিবি জানায়, রাত পৌনে ১টার দিকে দৌলতপুরের জামালপুর বিওপির মাঠপাড়া এলাকায় অভিযান চালায় একটি টহল দল। সেখানে পরিত্যক্ত অবস্থায় ২৩ বোতল ভারতীয় মদ, ফেনসিডিল, স্কাফ সিরাপ, ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব উদ্ধারকৃত দ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৭২ হাজার ৯০০ টাকা।
একই রাতে আনুমানিক আড়াইটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর বর্ডারপাড়া মাঠে অপর এক অভিযান চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় আরো ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করেন বিজিবি সদস্যরা, যার বাজারমূল্য প্রায় ৫৮ হাজার ৫০০ টাকা। দুটি অভিযানে মোট ৫ লাখ ৩১ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত গঠনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
১০৯ বার পড়া হয়েছে